প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মানচিত্র ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন ওই শিক্ষক। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে তিনি মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়।
শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি মঙ্গলবার রাতে তিনি জানতে পারেন। বুধবার সকালে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

