পদ বাণিজ্যের অভিযোগে রাকসুর জিএসের শিবিরের সাথীপদ বাতিল

Avatar
Desk Reporter
30 Sep, 2026• 4 min read• 8 Views
পদ বাণিজ্যের অভিযোগে রাকসুর জিএসের শিবিরের সাথীপদ বাতিল

মানচিত্র ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের শিবিরের সাথীপদ বাতিল করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, ঘটনাটি ২০২৫ সালের এবং কিছু অনিয়মের অভিযোগের পর আম্মারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাবি শাখা শিবিরের মাসিক সেক্রেটারিয়েট সভায় আম্মারের সাথীপদ মুলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগগুলোর মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছিল।

পরবর্তী সময়ে অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বরের সেক্রেটারিয়েট সভায় তার সাথীপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শিবিরের তৎকালীন সভাপতি ও রাকসুর বর্তমান সহসভাপতি (ভিপি) মুস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত চিঠিতেও আম্মারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগের কথা উল্লেখ করা হয়।

তবে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সালাউদ্দিন আম্মার। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Avatar

Desk Reporter

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!