শারদীয় দুর্গাপূজার আনন্দ চা বাগানের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিতে দুই দিন ব্যাপী ‘শারদ বস্ত্র কর্মসূচি-২০২৬’ আয়োজন করেছে সনাতন বিদার্থী সংসদ (এসভিএস), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
কর্মসূচির প্রথম পর্ব আয়োজিত হয় ২ অক্টোবর, শুক্রবার, সিলেট সদরের হিলুয়াছড়া চা বাগানে। সেখানে ৮০ জন শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ও এসভিএস শাবিপ্রবি শাখার উপদেষ্টা শ্রী পান্না মজুমদার, ১০ম কার্যনির্বাহী সংসদ এবং সংগঠনের সদস্যরা। এরপর দ্বিতীয় পর্বে ৩ অক্টোবর, শনিবার, সিলেটের জৈন্তাপুর উপজেলার খাঁন টি স্টেটের ৮০ জন শিশুকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। এতে শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ও সনাতন বিদ্যার্থী সংসদ শাবিপ্রবির অন্যতম উপদেষ্টা শ্রী পান্না মজুমদারের পাশাপাশি এসভিএস শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি শ্রী দিপু রাম, বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য অংশ নেন।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতিবছর সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি এ কর্মসূচির আয়োজন করে। উৎসবের খুশি যেন সমাজের প্রতিটি স্তরের শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যয় থেকেই এসভিএস শাবিপ্রবি শাখা প্রতিবারের ন্যায় এই বছরও দাতব্য ও মানবিক কার্যক্রমের আয়োজন করছে। কর্মসূচির মাধ্যমে চা-বাগান অধ্যুষিত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সনাতন বিদার্থী সংসদ, শাবিপ্রবি শাখা।

