রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ডিসি তেজগাঁও ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসার কথা রয়েছে।
তিনি বলেন, ফরেনসিক পরীক্ষা ও ঘটনাস্থল পরিদর্শনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

