প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
নাগেশ্বরীতে অরণ্যের সবুজ উৎসব পালিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:পরিবেশবাদী সংগঠন অরণ্য-এর উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরীর কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন, বৃক্ষ প্রদর্শনী ও শুভেচ্ছা বক্তব্য ও অতিথিদের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটি সংরক্ষণ ও বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আজিজুল ইসলাম মন্ডল বলেন, “একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।”গাছ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, বিদ্যালয়ে এমন কর্মসূচির মাধ্যমে গাছের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহও তৈরি হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী নিখিল চন্দ্র বর্মন,একাডেমিক সুপারভাইজার নাগেশ্বরী উপজেলা, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, প্রভাষক, মধ্য কুমোরপুর গার্লস স্কুল এন্ড কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা জনাব মোঃ নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুস ছোবহান জুয়েল ও সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু জোবায়েদ সাগর ও সভাপতিত্ব করেন জনাব নুর মোহাম্মদ আল আমিন সভাপতি,অত্র বিদ্যালয়।আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আয়োজিত এ কর্মসূচি এলাকায় পরিবেশবান্ধব উদ্যোগের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত