প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
এক জোড়া স্যান্ডেলের সংগ্রাম
বাসার গেটের ঠিক সামনে, ছোট্ট একটি কাঠের চৌকাঠের নিচে পড়ে আছে এক জোড়া পুরোনো চামড়ার স্যান্ডেল। একসময় যে স্যান্ডেলের গায়ে ছিল নতুন চামড়ার উজ্জ্বলতা, আজ সেখানে কেবল সময়ের ছাপ। রঙ অনেক আগেই হারিয়ে গেছে, বাদামি আবরণে আর সেই আগের দীপ্তি নেই। নিচের অংশ ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়ে গেছে, সেলাইয়ের জায়গাগুলোও জানান দিচ্ছে দীর্ঘ ব্যবহারের গল্প। কিন্তু কয়েক বছর আগেও এই স্যান্ডেল এমন ছিল না। তখন তার চামড়ার গায়ে ছিল সতেজতার ছোঁয়া, নতুন চামড়ার আলাদা এক গন্ধ। প্রতিটি সেলাই ছিল শক্ত, প্রতিটি ভাঁজে ছিল যত্ন আর পরিপাটির ছাপ। পায়ের সঙ্গে পথ চলার জন্য যেন সে তখন প্রস্তুত ছিল নতুন উদ্যমে। আজ সেই একই স্যান্ডেল পড়ে আছে নীরবে। চামড়ার কোমলতা হারিয়ে গেছে, শুকিয়ে যাওয়া কোনো পুরোনো ডালের মতো তার শরীরটা ক্লান্ত দেখায়। তবুও তার প্রতিটি ক্ষত, প্রতিটি ছেঁড়া অংশ যেন বলে যায় অজানা কত পথ পাড়ি দেওয়ার গল্প। রোদ, বৃষ্টি, ধুলো আর অসংখ্য দিনের সাক্ষী হয়ে সে যেন নিজের সামর্থ্যের শেষটুকু দিয়ে দায়িত্ব পালন করে গেছে। আজ স্যান্ডেলটির অবস্থা দেখে মনে হয়, সে শুধু পুরোনো হয়নি, সে যেন দীর্ঘ এক সংগ্রামের পর একটু বিশ্রাম নিচ্ছে। তার জীর্ণ শরীরের ভাঁজে লুকিয়ে আছে অনেক দিনের পরিশ্রম আর নীরব আত্মত্যাগ। সেই স্যান্ডেল জোড়াকে সংগ্রামী বললে ভুল হবে না, কারণ স্যান্ডেল জোড়াটি একজন কর্মীর পথচলার নীরব সাক্ষী। জাতীয় নবচেতনা পার্টি, সংক্ষেপে জেএনপি। দলটির একজন সাধারণ কর্মী ছিল রাফি। পদ-পদবি বা পরিচয়ের চেয়ে তার কাছে বড় ছিল দলের জন্য কাজ করা। মিছিল, মিটিং, সভা কিংবা কোনো আন্দোলনের ডাক এলেই সবার আগে তাকে দেখা যেত। রাজপথের উত্তাপ, স্লোগানের শব্দ আর মানুষের ভিড়ের মাঝেই যেন তার পরিচয় তৈরি হয়েছিল। সাহসী আর পরিশ্রমী হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই দলের বড় নেতাদের নজরে পড়ে সে। নিজের অবস্থান তৈরি করতে তার সময় লাগেনি, কারণ সে শুধু কথা দিয়ে বাঘ মারে না, কাজ দিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছিল। আর এই পুরো পথচলায় তার সবচেয়ে নীরব সঙ্গী ছিল তার বাদামি রঙের সেই চামড়ার স্যান্ডেল জোড়া। চৈত্রের তপ্ত রোদে যখন রাজপথ আগুনের মতো গরম হয়ে উঠত, তখনও সেই স্যান্ডেল তার পায়ের নিচে থেকে তাকে এগিয়ে নিয়ে গেছে। আবার আষাঢ়-শ্রাবণের ভারী বৃষ্টিতে রাস্তায় জমে থাকা পানির মধ্য দিয়েও থেমে থাকেনি তার পথচলা। মিছিলের ভিড়ে অন্যের জুতার আঘাত পেয়েছে, ধুলো-ময়লা সহ্য করেছে, তবুও কখনো তার সঙ্গ ছাড়েনি। একবার আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার মধ্যে পড়ে রাফি, সেই দিন স্যান্ডেলটির দুই জায়গায় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সে তাকে ফেলে না দিয়ে মুচির কাছে নিয়ে গিয়ে চামড়ার নতুন পটি লাগিয়ে আবার ঠিক করেছিল, যেন একজন আহত সহযোদ্ধাকে আবার সুস্থ করে পাশে দাঁড় করানো হলো। এভাবেই কেটে গেছে অনেক বছর। সময় বদলেছে, সেই সাধারণ কর্মী আর সাধারণ কর্মী নেই, আজ সে দলের পরিচিত একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার চারপাশের মানুষ বদলেছে, পোশাক বদলেছে, জীবনযাত্রাও বদলেছে। আগে যে মানুষটি কর্মীদের মাঝে থাকত, সবার খোঁজ নিত, এখন ব্যস্ততার অজুহাতে অনেককেই এড়িয়ে চলে। পদ আর পরিচয়ের সঙ্গে তার আচরণেও এসেছে এক ধরনের লক্ষ্য করার মতো পরিবর্তন। আর সেই পরিবর্তনের প্রথম সাক্ষী হয়তো ছিল ওই পুরোনো স্যান্ডেল জোড়াই, কারণ এখন আর তাকে পায়ে দিয়ে হেঁটে মিছিল-মিটিংয়ে যেতে হয় না, তার আছে নতুন একজোড়া জুতা। ভালো শোরুম থেকে দাম দিয়ে নিয়ে এসেছে রাফি। তার নতুন পরিচয়, আছে নতুন জীবন, অবৈধ টাকার পাহাড় গড়েছে মাত্র কয়েক বছরে। একদিন হঠাৎ গেট খোলার সময় তার চোখ পড়ে চৌকাঠের নিচে পড়ে থাকা সেই পুরোনো স্যান্ডেলের দিকে, বহুদিনের অবহেলায় ধুলো জমেছে, মাকড়সা জাল বুনেছে তার গায়ে। যে স্যান্ডেল একসময় তার প্রতিদিনের সঙ্গী ছিল, আজ সেটিকে দেখে তার হাত বাড়াতেও অস্বস্তি লাগল। তবুও সে তুলে নিল, হাতে নিতেই চোখের সামনে ভেসে উঠল পুরোনো দিনগুলো, রাত জেগে মিটিং করা, রোদের মধ্যে মিছিল করা, রাজপথে দৌড়ে বেড়ানো সেই সময়গুলো। মনে পড়ল, এই স্যান্ডেল জোড়াই ছিল তার প্রতিদিনের সঙ্গী। কিছু মুহূর্তের জন্য হয়তো নিজের অতীতকে মনে করে সে গর্ব অনুভব করেছিল, কিন্তু সেই স্মৃতি বেশিক্ষণ স্থায়ী হলো না। গেটের বাইরে একটু দূরে যেখানে বাসার ময়লা-আবর্জনা ফেলা হয়, সেখানেই সে স্যান্ডেল জোড়াটি রেখে এলো, হাতে লেগে থাকা ধুলো পরিষ্কার করতে করতে বারবার হাত ঘষতে লাগল। আর সেই ময়লার স্তূপের মধ্যে পড়ে রইল তার জীবনের কঠিনতম সময়ের একমাত্র নিঃস্বার্থ সঙ্গী, অসংখ্য পথের সাক্ষী সেই বাদামি রঙের চামড়ার স্যান্ডেল জোড়া। স্যান্ডেল জোড়াটিকে দেখে মনে হচ্ছিল, সে যেন অভিমান ভরা চোখে কিছু বলতে চাইছে, কিন্তু সে বুঝে গেছে সময় আর পরিবর্তনের কাছে তার দীর্ঘদিনের বন্ধুত্বও আজ হার মেনেছে।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত