প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
রৌমারী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গর্তের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: টানা ভারী বর্ষণ আর পানির তোড়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যালয় মাঠের বিশাল অংশ জুড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। শুধু তাই নয়, নতুন ভবনের উত্তর-পূর্ব পাশের কোণ ও ওয়াশ ব্লকের নিচের মাটি ধসে গিয়ে পুরো স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে তীব্র ঝুঁকির মুখে। এর ফলে বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র পানির স্রোতে বিদ্যালয়ের খেলার মাঠের মাটি ধুয়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বিদ্যালয়ের নতুন বহুতল ভবন এবং ওয়াশ ব্লকের। ভবনের উত্তর-পূর্ব কোণের নিচের মাটি সরে গিয়ে ভিত্তি (Foundation) অরক্ষিত হয়ে পড়েছে।একই সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যবহারের একমাত্র ওয়াশ ব্লকটির নিচের মাটি সম্পূর্ণ ধসে যাওয়ায় সেটি এখন শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে কোমলমতি শিশুরা সেখানে যেতে ভয় পাচ্ছে এবং তাদের প্রাত্যহিক ওয়াশরুম ব্যবহার করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অভিভাবকেরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন, অনেকেই আবার দুর্ঘটনার ভয়ে সন্তানকে স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছেন।আবেদনের প্রেক্ষিতে বিষয়ের ভয়াবহতা আঁচ করতে পেরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আলাউদ্দিন বিদ্যালয় প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।এদিকে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল হাই চৌধুরী জানান"বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমি দ্রুতই উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার সাথে কথা বলব এবং খুব অল্প সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”তবে এই জরুরি বিষয়ে কথা বলার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) মোঃ নাজমুল করিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।‘বিদ্যালয় বন্ধ করা ছাড়া উপায় থাকবে না’বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ নাজমা খাতুন। তিনি ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন,“বিদ্যালয়ের এই বিপজ্জনক অবস্থা তৈরি হওয়ার পরই আমি বিষয়টি জানিয়ে ইউএনও স্যার বরাবর একটি লিখিত দরখাস্ত দিয়েছিলাম। কিন্তু বর্তমানে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে যদি মাটি ভরাট ও সংস্কারের ব্যবস্থা না নেওয়া হয়, তবে কোমলমতি শিশুদের জীবন রক্ষার্থে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।”অবিলম্বের পদক্ষেপ কাম্য একটি আদর্শ বিদ্যাপীঠের এমন জরাজীর্ণ ও বিপজ্জনক চিত্র কোনোভাবেই কাম্য নয়। একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান, অন্যদিকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে বড় কোনো দুর্ঘটনার আতঙ্ক।স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, আমলাতান্ত্রিক জটিলতা কিংবা আশ্বাসের বেড়াজালে আটকে না থেকে, অতি দ্রুত জরুরি তহবিল থেকে এখানে মাটি ভরাট ও গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থা করা হোক। রৌমারীর এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনই কার্যকর পদক্ষেপ নেবেন—এমনটাই প্রত্যাশা সবার।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত