প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
নানা আয়োজনে নবীনদের বরণ করে নিলো রাবির ফারসি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। রোববার (১০ মে) নানা আয়োজনের মাধ্যমে বিভগের ২৯ ব্যাচকে বরণ করে নিয়েছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। এদিন সকালে বিভাগের ৩৩৯ নং হল কক্ষে ফুল, কোট ফাইল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও তাদের জন্য ছিল ফারসি সঙ্গীতসহ বিভিন্ন আয়োজন। পাশাপাশি বিভাগের সার্বিক পরিচিতি তুলে ধরে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। যা অনুষ্ঠানকে প্রাণময় করে তোলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মাঈন উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক আতাউল্যাহ, অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ, অধ্যাপক শামীম খান, অধ্যাপক ওসমান গনি, অধ্যাপক শফিউল্লাহ, অধ্যাপক রিজওয়ানা ইসলাম শাম্মি, ইরানের ভিজিটিং অধ্যাপক ইসমাইল সদেকি এবং বিভাগের সভাপতি অধ্যাপক তহমিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক মো. রুজন মন্ডল, মোছা. আতকিয়া বৃষ্টি এবং মো. কামাল মাহমুদ।সভাপতির বক্তব্যে অধ্যাপক তাহমিনা বেগম বলেন, নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। নবীনদের বরণ করে নেয়ার যে প্রস্তুতি তা ছিল দৃষ্টি নন্দিত। আমরা প্রথম দিনই বিভাগের কারিকুলাম, কোর্স কাঠামো, একাডেমিক কার্যক্রম ও বিভাগের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরি। এতে করে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত শিক্ষা পরিকল্পনা সম্পর্কে সচেতন হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশুনা পাশাপাশি সৃজনশীল কার্যক্রম ও নেতৃত্বের গুনাবলি অর্জনের বিষয়েও উৎসাহিত করেছি। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি নীতি- নৈতিকতার বিভিন্ন দিক সম্পর্কেও নবীন শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে। শিক্ষার্থীদের দৃঢ় আত্মবিশ্বাস ও সাফল্যময় জীবনের প্রত্যাশাই পারে জীবনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে।উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত। বিভাগগুলে বিভিন্নভাবে সাজিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। তোমাদের জীবনের এই নতুন অধ্যায় সুন্দর ও সাফল্যমন্ডিত হোক এই কামনা করি।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত